তবে কি বিচ্ছেদ হচ্ছে সৃজিত-মিথিলার?
টলিউডের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। এবার সৃজিতের সাম্প্রতিক এক মন্তব্য সেই পুরোনো জল্পনাকে আবারও সামনে নিয়ে এসেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের জনপ্রিয় টকশো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’-তে অতিথি হিসেবে হাজির হন সৃজিত। সেখানে নিজের ব্যক্তিগত জীবন, অতীত সম্পর্ক ও একাকীত্ব নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সৃজিতকে প্রশ্ন করা হয়, জীবনের এই পর্যায়ে এসে তিনি কোনো স্থায়ী সঙ্গীর অভাব অনুভব করেন কি না। জবাবে নির্মাতা জানান, কখনও কখনও তিনি একাকীত্ব অনুভব করেন। কাজ, গান, ক্রিকেট ও বন্ধুদের সঙ্গ তাকে সেই একাকীত্ব কাটিয়ে উঠতে সাহায্য করে বলেও জানান তিনি। সৃজিতের এই মন্তব্যের পরই মিথিলার সঙ্গে তার বর্তমান সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ২০১৯ সালে বিয়ের পর প্রায় ছয় বছর পেরিয়ে গেলেও দুজনকে দীর্ঘ সময় ধরে আলাদা থাকতেই দেখা গেছে। এর মধ্যে তাদের বিচ্ছেদ নিয়ে একাধিকবার গুঞ্জন ছড়িয়েছে। তবে এখন পর্যন্ত সৃজিত বা মিথিলা কেউই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেননি। এদিকে অনুষ্ঠানে নিজের সাবেক সম্পর্ক নিয়েও কথা বলেন সৃজিত। স্বস্তিকা মুখোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক শেষ হলেও তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ রয়েছে বলে জানান তিনি।
সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রসঙ্গেও সৃজিত বলেন, একটা সময় তারা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তবে সময়ের সঙ্গে সেই ঘনিষ্ঠতা কমেছে। বর্তমানে তারা একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবেই রয়েছেন বলে জানান নির্মাতা। সব মিলিয়ে সৃজিতের ‘স্থায়ী সঙ্গী’র অভাববোধের কথা প্রকাশ্যে আসায় মিথিলার সঙ্গে তার দাম্পত্য সম্পর্কের বর্তমান অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ মন্তব্যকে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। সূত্র: ইনকিলাব
