ইউপি নির্বাচনে থাকছে না পোস্টার, নভেম্বরেই ভোট: ইসি সচিব

ইউপি নির্বাচনে পোস্টার থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এই ভোটে পোস্টার থাকবে না। এছাড়াও কিছু পরিবর্তন এসেছে। গতকাল সোমবার (০৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। আখতার আহমেদ বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে হবে। এক্ষেত্রে পাঁচ ধাপে নাকি ছয় ধাপে হবে তা এখনও ঠিক হয়নি। তবে আমি এটুকু বলতে পারি উপজেলাভিত্তিক নির্বাচন হবে। এক্ষেত্রে একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে সেগুলো একই সঙ্গে হবে।

এক উপজেলার কয়েকটি ইউনিয়ন একসঙ্গে হলে এবং বাকিগুলো অন্য ধাপে হলে বিশৃঙ্খলা হতে পারে এমন আশংকা থেকে একই সঙ্গে এক উপজেলার সবগুলোতে নির্বাচন হবে বলেও জানান তিনি। এসব নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি কমিশন নির্ধারণ করবে বলেও জানিয়েছেন ইসি সচিব। সাড়ে চার হাজার ইউনিয়ন, ৩৩০ পৌরসভা, পাঁচ শতাধিক উপজেলা, ৬১ জেলা ও ১৩ সিটি করপোরেশনের মধ্যে প্রথমে ইউনিয়ন পরিষদের ধাপে ধাপে ভোট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি। সিইসি এ এম এম নাসির উদ্দিন এর আগে বলেছিলেন, সেপ্টেম্বরে তফসিল দিয়ে নভেম্বরে ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা এবং জেলা পরিষদের নির্বাচন হবে। সূত্র: দেশ রূপান্তর

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট