নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ১১ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর ছয় থানায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজা এবং ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ টাকা ও একটি ডিজিটাল ওজন মাপক যন্ত্র জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে গেছে। গত শনিবার দিবাগত রাতে এ অভিযান চালায় নগরীর থানা পুলিশ।

নগর পুলিশ জানায়, রাতে রাজপাড়া থানা পুলিশ বহরমপুর মানিক ভিলা এলাকায় অভিযান চালিয়ে মাহাদী অর্পনকে (২০) ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। একই রাতে কাটাখালি থানা পুলিশ রনহাট পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে রবিউল সানিকে (২১) আট পিস ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেপ্তার করে। ২২ আগস্ট দুপুরে বোয়ালিয়া থানা পুলিশ সুজানগর এলাকায় অভিযান চালিয়ে জসীম উদ্দিন (৩০) ও তোফায়েল খান তুষারকে (২৪) ২৭ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে জানা গেছে। একই দিন দামকুড়া থানা পুলিশ ভিমের ডাইং গ্রামের গুলিতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মহিন্দরকে (৫৫) ১০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করে। এ সময় শামীম (৪৫) পালিয়ে যায়।

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ সেন্টাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব হোসেনকে (২৪) ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। একই থানার আলীগঞ্জ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে শামিম আহমেদ সুমন (৩০), রবিউল ইসলাম (২৬) ও এনামুল হককে (৪২) ২৪ পিস ট্যাপেন্টাডল ও ১ হাজার ৫১০ টাকাসহ গ্রেপ্তার করে পুলিশ। এ সময় নাসিম হোসেন (২৮) পালিয়ে যায়।

অন্যদিকে, কর্ণহার থানার তেতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে সেলিম রেজা ওরফে রাজু (৩৪) ও তার স্ত্রী রোসমিন আক্তারকে (৩০) ২০ পিস ইয়াবা এবং রোসমিনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি ডিজিটাল ওজন মাপক যন্ত্রও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট