রাজশাহীতে জুয়া খেলার সরঞ্জামাদিসহ গ্রেপ্তার ১১
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর কর্ণহার ও পবা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
নগর পুলিশ জানায়, গত শুক্রবার (২১ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে কর্ণহার থানা পুলিশ ধর্মহাটা গ্রামে অভিযান চালায়। এ সময় মো. সজিবের মুদি দোকানের ঘরের বারান্দা থেকে জুয়া খেলা অবস্থায় বাদশা (৫২), মাইনুদ্দিন (৩৫), বাইদুল ইসলাম (৫০), রনি (৩৫), মাসুদ রানা (৩৬), সবুজ (৩০), শাহিনুর ইসলাম (৩৩), জারজিস আলী (৪৫), তাজরুল ইসলাম (৪৪) ও সজিবকে (২৭) গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত নগদ ১ হাজার ৯০ টাকা, দুই সেট পুরোনো তাস ও একটি প্লাস্টিকের চট জব্দ করা হয়।
অন্যদিকে, শনিবার ভোর সোয়া ৪টার দিকে পবা থানার পারিলা ইউনিয়নের সিডির মোড় এলাকায় অভিযান চালায় পবা থানা পুলিশ। এ সময় কান্দুস পারিলা গ্রামের সেলিম রেজাকে (৪২) অনলাইন জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে অনলাইন জুয়ার অ্যাপসসহ একটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার টাকা জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ১১ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
