নগরীতে নিরাপত্তাকর্মীকে গলায় ছুরি ধরে হত্যার হুমকি, দালাল গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরে সাব্বির হোসেন (২৬) নামে এক নিরাপত্তাকর্মীকে মারধর এবং গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় আরিফুল ইসলাম আরিফ (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আরিফ রোগী ধরার দালাল হিসেবে পরিচিত। গতকাল শুক্রবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার শিকার সাব্বির লক্ষ্মীপুর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরাতন ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। গত ১৯ আগস্ট দুপুরে তিনি দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী রোগী ধরার দালাল, চোর, পকেটমার ও প্রতারকদের বিষয়ে সেবাপ্রত্যাশীদের সচেতন করতে হ্যান্ডমাইকে কথা বলছিলেন।
এ সময় রোগী ধরার দালাল হিসেবে পরিচিত আরিফসহ কয়েকজন সেখানে এসে আরিফকে মাইকে সচেতনতামূলক বক্তব্য প্রচার করতে নিষেধ করে। সাব্বির প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছেন বলে জানালে অভিযুক্তরা তাকে মারধর এবং গালাগাল করেন। একপর্যায়ে আরিফ ধারালো দেশীয় অস্ত্র সাব্বিরের গলায় ধরেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর মহানগরীর রাজপাড়া থানা পুলিশ দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে এবং এক ঘণ্টার মধ্যে অভিযুক্ত আরিফকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনায় ভুক্তভোগী সাব্বির বৃহস্পতিবার রাতে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয় সচেতন মানুষ অভিযোগ করে জানান, লক্ষীপুরে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের স্থানীয় কিছু রোগী ধরা দালাল জোরপূর্বক টেস্ট করিয়ে অর্থ হাতিয়ে নেন। প্রতিবাদ করলে তাদের মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই এমন ঘটনা ঘটে আসছে।
