উদ্যোক্তারা সঠিক তথ্য না পাওয়ায় প্রণোদনা প্যাকেজের অর্থ অলস পড়ে থাকে: গভর্নর
প্রভাত ডেক্স
উদ্যোক্তারা সঠিক তথ্য না পাওয়ায় প্রণোদনা প্যাকেজের অর্থ অলস পড়ে থাকে। ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, বর্তমানে প্রণোদনা কর্মসূচির আওতায় ৩১টি রিফাইন্যান্স ও প্রি-ফাইন্যান্স প্যাকেজ চলমান থাকলেও পর্যাপ্ত প্রচারণার অভাবে প্রকৃত উদ্যোক্তারা অনেক সময় সুযোগ-সুবিধার সঠিক তথ্য পান না। ফলে বহু প্রণোদনা প্যাকেজের বিশাল অঙ্কের অর্থ অলস পড়ে থাকে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু বে-ভিউ হোটেলে আয়োজিত বেসরকারি খাতের অংশীজনদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ প্যাকেজ যথাযথ বাস্তবায়নের উদ্দেশ্যে অংশীজনদের সঙ্গে গভর্নরের এ মতবিনিময় আয়োজন করে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিস।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, এই প্রণোদনা প্যাকেজগুলো শুধু ঋণ সহায়তা নয়, বরং একটি সমন্বিত অর্থনৈতিক পরিবর্তনের রূপরেখা। এই উদ্যোগের মাধ্যমে প্রায় ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া ‘এক গ্রাম এক পণ্য’ নীতির মাধ্যমে চট্টগ্রামের উপকূলীয় ও পার্বত্য অঞ্চলের সম্ভাবনাময় পণ্যগুলোকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া এবং শিল্প উৎপাদন ও রপ্তানি আয় বৃদ্ধি করা হবে। এ সময় তিনি উপস্থিত উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও ব্যাংকারদের ৬০ হাজার কোটি টাকার এই প্রণোদনা প্যাকেজ সম্পর্কে সাধারণ গ্রাহকদের মধ্যে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান। সূত্র: ঢাকাপোস্ট
