নজর নেই কর্তৃপক্ষের পোরশা উপজেলা শিশু ও গণশিক্ষা অফিস দিনের পর দিন তালাবদ্ধ
পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলা শিশু ও গণশিক্ষা কার্যক্রম অফিসে ব্যাপক অনিয়ম ও দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে। দিনের পর দিন অফিসটি তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকলেও কর্তৃপক্ষ সেদিকে নজর দিচ্ছে না।এতে ব্যাহত হচ্ছে অফিসের স্বাভাবিক কার্যক্রম ও সরকারি সেবা।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের অফিস সহায়ক জাহাঙ্গীর আলম ওই অফিসে দাপ্তরিক চিঠিপত্র পৌঁছে দিতে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি অফিসটিতে তালা ঝুলতে দেখেন। জাহাঙ্গীর আলম জানান, তিনি প্রায়ই সরকারি চিঠিপত্র দিতে এসে অফিসটি এভাবে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান।
অফিস তালাবদ্ধ থাকার বিষয়ে জানতে ওই অফিসের কেয়ারটেকার মোহসেন আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দেননি এবং এ প্রতিবেদকের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান।
অন্যদিকে, অফিসের সুপারভাইজার জাফর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, “আমি একটু নওগাঁ জেলা অফিসে কাজে ব্যস্ত আছি। আগামী কয়েক দিনের মধ্যে উপস্থিত থাকার চেষ্টা করব।”
সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তরে দিনের পর দিন তালা ঝুললেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এমন খামখেয়ালিপূর্ণ আচরণে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশু ও গণশিক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম কীভাবে মাসের পর মাস এভাবে চলছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। এ বিষয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল ইসলাম জানান, সরকারি বিধিমালা ও নীতিমালা অনুসরণ করে বিষয়টির সুরাহা করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।
