আপনার সুযোগ আছে মাহাথির মোহাম্মদ হওয়ার: তারেক রহমানকে মান্না
দেশ চালানোর ক্ষেত্রে তারেক রহমানের বাইরে ‘এই মুহূর্তে’ কোনো বিকল্প দেখতে পাচ্ছেন না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তারেক রহমানের সঙ্গে অতীতে হওয়া কথোপকথন তুলে ধরে তিনি বলেন, যখন আজকের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হননি, তখন তাকে একদিন বলেছিলাম, ‘আপনার সুযোগ আছে মাহাথির মোহাম্মদ হওয়ার, আপনার সুযোগ আছে কামাল আতার্তুক হওয়ার এবং নিশ্চয় সেরকম একটা জিনিস আপনি চেষ্টা করবেন।’ আমি আজও তাই চাই। এ কারণে চাই যে, এই মুহূর্তে এ ব্যাপারে আমি বিকল্প কিছু দেখতে পাচ্ছি না। গত সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারেক রহমানের আমন্ত্রণে মতবিনিময় সভা ও নৈশভোজে কথা বলছিলেন মান্না। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার এ আয়োজনে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে শরিক হওয়া ৪১টি রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়।
সেখানে নতুন সরকারের কাছে নিজের প্রত্যাশা তুলে ধরে মান্না বলেন, “আমি চাই, এই সরকার ভালো করুক। মাত্র পাঁচ মাস বয়স হয়েছে সরকারের। এখনই ঠিক পুরোপুরি বলা যাবে না এবং আমি মনে করি যে এটা ঠিক ওই অনুষ্ঠানও নয়, যেখানে সমালোচনা-আত্মসমালোচনা করব এখানে। আমি বলতে চাই ,আপনারা ব্যর্থ হলে, আমি ব্যর্থ হব, দেশ ব্যর্থ হবে, সবাই ব্যর্থ হবে। মান্না বলেন, ‘আমার বয়স এখন ৭৬। আমি জানি এটা বললে একটু বেয়াদবির মতৃ। আমার চাইতে বয়স্ক যারা, তারা অনেকেই আছেন। কিন্তু অনেকগুলো বছর ধরে যে রাজনীতি করি, একটা স্বপ্ন হচ্ছে, সেইরকম একটা দেশ করতে চাই, যে দেশ শামসুর রহমানের কবিতার মত— একটা ফুলের বাগান হবে এবং খুব সহজে সেই ফুলের কাছে যেতে পারব; খুব সহজে ঘাসের উপর শুয়ে যেরকম এখানে আছি পায়ের উপর পা দিয়েৃ অকারণে মাঝে মাঝে পা নাড়ব, রিলাক্স একটা লাইফ, রিলাক্স একটা দেশ। আমার নিজেকে নিয়ে আমি সামনে একটা স্বপ্ন দেখতে পাচ্ছি, সেই স্বপ্ন বাস্তবায়িত হতে দেখতে পাচ্ছি, সেই রকম কিছু।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, বিএনপি নিজেই এত বড় একটা দল, আমি জানি, তার মধ্যে অনেকেই আছেন মন্ত্রী হবার মতো, দেশ পরিচালনা করবার মতো। সবাই তো আর মন্ত্রীর দায়িত্ব পাননি, সবাই তো আর দেশ পরিচালনার দায়িত্ব পাননি। কিন্তু এই দায়িত্ব এই অধিকার যেন আমার থাকে। কোনো ভুল হলে ভুল বলতে পারি এবং ভুল বলবার কারণে যেন আমাকে ভুল বোঝা না হয় এবং তার জন্য যেন দায়ী করা না হয়। গণতন্ত্র মানেই হচ্ছে যেখানে সমালোচনা করা যায়, অকপটে নিজের কথা বলা যায়। এখন পর্যন্ত এই পাঁচ মাসে এই গণতান্ত্রিক পরিবেশ আছে, এটা অব্যাহত থাকবে এইটা আমি চাই।
একসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানর নিজের কর্মকাণ্ডের মাধ্যমে নতুন নতুন উদাহরণ সৃষ্টি করছেন মন্তব্য করে তিনি বলেন, খুবই বিনয়ের সঙ্গে বলছি, বর্তমান সরকার দেশ চালাচ্ছেন, বর্তমান সরকারের যিনি প্রধান, তিনিসহ সবাই নতুন নতুন উদাহরণ তৈরি করবার চেষ্টা করছেন। আগের যে সমস্ত খারাপ উদাহরণ ছিল, সেগুলো ভেঙে ফেলবার চেষ্টা করছেন এবং নতুন করে সবার মধ্যে আশা জাগাবার চেষ্টা করছেন। কিন্তু আমার এই কথা বলার মানে এই নয়, এর মধ্যে কোনো প্রশ্ন নেই, এর মধ্যে কোন ভুলের অবকাশ নেই । এমন নয় যে পা পিছলে পড়ে যেতে পারেন না। কিন্তু সজাগ থাকতে হবে যেন পা পিছলে না যায়। প্রধানমন্ত্রীর দীর্ঘ কামনা করি সুস্বাস্থ্য কামনা করি এবং তার সাফল্য কামনা করি।
সূত্র: ইনকিলাব
