অস্ট্রিয়ার বিপক্ষে জয়ে ‘মেসি-মেসি’ স্লোগানে মুখরিত রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার
জিল্লুর রহমান জয় :
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দাপুটে জয়ের পর মেসি-মেসি’ স্লোগানে মুখরিত হয় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার । ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হাজারো সমর্থকের কণ্ঠে ধ্বনিত হতে থাকে, ‘মেসি! মেসি! মেসি!’ স্লোগান। সোমবার ম্যাচ দেখতে সন্ধ্যার পর থেকেই রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার জড়ো হন আর্জেন্টিনার সমর্থকেরা। প্রিয় দলের জয়ের প্রত্যাশায় পতাকা, জার্সি ও ব্যানার নিয়ে উপস্থিত হন বিভিন্ন বয়সি ফুটবলপ্রেমীরা। খেলার পুরো সময়জুড়ে প্রতিটি আক্রমণ, প্রতিটি সুযোগে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাদের।
আর্জেন্টিনা ম্যাচে এগিয়ে যাওয়ার পর থেকেই রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আর জয় নিশ্চিত হওয়ার পর শুরু হয় বাঁধভাঙা আনন্দ। সমর্থকেরা পতাকা উড়িয়ে, গান গেয়ে এবং স্লোগানে মুখর করে তোলেন পুরো নগরী।
অনেককে মোটরসাইকেল বহর নিয়ে আনন্দ মিছিল করতেও দেখা যায়। আবার অনেকে প্রিয় মেসির নাম ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন। ‘মেসি-মেসি’ ধ্বনিতে পুরো রাজশাহী নগরী যেন আর্জেন্টিনার সমর্থকদের মিলনমেলায় পরিণত হয়।
খেলা দেখতে আসা কয়েকজন সমর্থক জানান, আর্জেন্টিনার প্রতিটি জয় তাদের জন্য বিশেষ আনন্দের। বিশ্বকাপের মঞ্চে দলের এমন পারফরম্যান্স তাদের স্বপ্ন দেখাচ্ছে আরও বড় সাফল্যের।
বিশ্বকাপ ঘিরে নগরীর অন্যতম প্রাণকেন্দ্র রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুটবলপ্রেমীদের অন্যতম মিলনস্থলে পরিণত হয়েছে। আর অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের রাতে সেখানে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস প্রমাণ করল, বাংলাদেশে আকাশি-সাদা জার্সির জনপ্রিয়তা এখনও আকাশছোঁয়া।
এছাড়া ফুটবল প্রেমীরা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় মাহফুজুর রহমান রিটনকে নগরীর বিভিন্ন জায়গায় প্রজেক্টর স্থাপন করে নগরবাসীকে খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
