নগরীতে ছেলের হাতে বাবা খুন!
স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীর মেহেরচন্ডি কলাইতলা পশ্চিমপাড়া মহল্লায় মুগুর দিয়ে পিটিয়ে ছেলে তার বাবাকে হত্যা করেছে। গতকাল সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে। নিহতের নাম রেজাউল করিম (৬৫)। অভিযুক্ত ছেলের নাম রাকিবুর করিম। ঘটনার পর ছেলে রাকিব পলাতক রয়েছেন। রেজাউল করিম একজন স্কুল শিক্ষক ছিলেন।
নগরীর চন্দ্রিমা থানা পুলিশ জানায়, রাকিবুর করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে তিনি বেকার জীবনযাপন করছেন। পারিবারিক কলহের জের ধরে তার বাবার সাথে মা আঞ্জুয়ারা দ্বন্দ্ব চলে আসছিল। স্বামী রেজাউলের সঙ্গে প্রায়ই তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের ঝগড়া হতো। গতকাল সোমবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রাকিবুর তার মায়ের পক্ষ নেন। এ সময় উত্তেজিত হয়ে তিনি বাঁশের মুগুর দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে রেজাউল গুরুতর আহত ও রক্তাক্ত হন। ঘটনার পর রাকিবুর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা রেজাউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। তবে ছেলের লাঠির আঘাতেই বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, ঘটনার পর থেকেই রাকিবুর পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
