সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

‘সাকলায়েনের জন্য খারাপ লাগছে। সে ব্যক্তিগত আক্রোশের শিকার।’ ২০২৪ সালের ২৫ জুন একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকলায়েনকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে এমন মন্তব্য করেছিলেন চিত্রনায়িকা পরীমণি।

গত বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর নতুন করে আলোচনায় এসেছে পরীমণির সঙ্গে তার সম্পর্ক। ওই সাক্ষাৎকারে সাকলায়েনের চাকরি হারানোর বিষয়ে জানতে চাইলে পরীমণি বলেছিলেন, ‘আমি বা সাকলায়েন বলার আগে তো পাবলিকই এটা নিয়ে বলছে। প্রশাসনও এটা নিয়ে বলছে। এটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এখনো আসেনি, ব্যক্তিগত পর্যায়ে যদি আসে, তখন আমি কথা বলব।’ তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলা নানা আলোচনা ও অভিযোগ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘সম্পর্কের বিষয় যদি আসে, এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্তও আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে পরিষ্কার নয়। আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়। এটা না সাকলায়েনের কাছে জানতে চাওয়া হয়েছে, না আমার কাছে। সবখানে মনগড়া জিনিস লেখা হয়েছে।’

সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যেখানে সম্পর্কটা ডিফাইন করার আগে এত অপবাদ নিয়ে ফেলছি, সেখানে এই সম্পর্কটা কী, তা নিয়ে কথা বলার জায়গাও তো জনগণ রাখেনি। আমার মনে হয় না এটার আর কোনো দরকার আছে।’ তিনি আরও বলেছিলেন, ‘প্রেম-ভালোবাসা যা-ই হোক না কেন, এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। আবারও বলছি, আমার মনে হয়, সে অন্য কোথাও ব্যক্তিগত আক্রোশের শিকার। তবে সাকলায়েনের জন্য খারাপ লাগছে।’

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, চিত্রনায়িকা পরীমণির সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্ক, জন্মদিন উদযাপন ও সরকারি বাসভবনে স্ত্রীর অবর্তমানে ওই নায়িকাকে নিয়ে সময় কাটানোর ঘটনায় তাকে ‘বাধ্যতামূলক অবসর’ সূচক গুরুদণ্ড দেওয়া হয়। এর আগে গত ১৬ জুন কালবেলার প্রথম পাতায় ‘পরীমণি-কাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে এডিসি সাকলায়েনকে’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এর দুদিনের মাথায় পুলিশের এ কর্মকর্তাকে শাস্তিস্বরূপ বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: কালবেলা

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট