রেল যোগাযোগের আওতায় আসছে দেশের আরও ১০ জেলা

ঢাকার পার্শ্ববর্তী ও দেশের দক্ষিণাঞ্চলসহ দেশের আরও ১০ জেলা রেল যোগাযোগের আওতায় আসছে। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এ কথা জানান। বিশেষ করে যেসব জেলায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ নেই সেই সমস্ত জেলা প্রাধান্য পাবে বলে মন্ত্রী জানিয়েছেন। মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৪৯টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে। আমাদের নির্বাচনি ইশতেহারে ছিল ৬৪ জেলাকেই  রেল যোগাযোগের সঙ্গে যুক্ত করা। সেই লক্ষ্যে নতুন আরও ১০টি জেলাকে কীভাবে রেল সংযোগ বা রেল যোগাযোগ বা রেল সেবা নিশ্চিত করা যায় সে ব্যাপারে রেল লাইন এবং তার সার্ভিস প্রসারিত করার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে। সেটা বাস্তবায়ন করার জন্য আগামী দিনের সম্ভাব্য প্রেজেন্টেশন, সম্ভাব্য রেল লাইন আমরা উপস্থাপন করেছি।

রেলমন্ত্রী বলেন, এরই মধ্যেই আমরা বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করতে চলেছি যেমন: আখাউড়া-সিলেট, সিরাজগঞ্জ-বগুড়া তো আছেই৷ একই সঙ্গে ধীরাশ্রমে একটা আইসিডি কন্টেইনারের প্রকল্প এরই মধ্যে পাস হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার যে রাস্তা সেটা কিছু মিটারগেজ কিছু হচ্ছে ব্রডগেজ। মিটারগেজ যেখানে আছে বিশেষ করে, টঙ্গী থেকে আখাউড়া এবং লাকসাম থেকে সিলেট এসব মিসিং লিংকে ডুয়েলগেজ ডাবল লাইন হবে। সেই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ঢাকা থেকে কুমিল্লা একটা কর্ড লাইন হবে। এটাও খুব জরুরি সে ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এটা বাস্তবায়ন করবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করার তাগাদা এসেছে। সূত্র: মানব জমিন

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট