নাটোরে পদ্মা নদীতে গোলাগুলি, জেলে নিহত
নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে পদ্মা নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের গুলিতে সাহাবুল ইসলাম নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক জেলা আহত হয়েছেন। গত সোমবার রাত ১ টা ৪৫ মিনিট থেকে ২ টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার রাইটার চর এলাকায় পদ্মা নদীর তীরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার লালপুর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।নিহত সাহাবুল ইসলাম (৪৫) পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের ইউনুছ প্রামানিকের ছেলে। আহত রবিউল ইসলাম (৩৭) একই উপজেলার চানমাড়ী গোরস্থান এলাকার বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাহাবুল ও রবিউল নিজেদের ইঞ্জিনচালিত নৌকায় গত দুই দিন ধরে পদ্মা নদীতে মাছ শিকার করছিলেন। সোমবার গভীর রাতে চর এলাকা থেকে মোটরসাইকেলে আসা ৫-৬ জন অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্ত নদীর তীরের কাছ থেকে নৌকাটিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।এ সময় একটি গুলি সাহাবুল ইসলামের ডান কাঁধের ওপরের অংশে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দে আতঙ্কিত হয়ে তার সঙ্গে থাকা রবিউল ইসলাম নদীতে ঝাঁপ দেন। নদীতে ঝাঁপ দেওয়ার সময় তিনি আহত হন। পরবর্তীতে পুলিশ পদ্মা নদীতে ভাসতে থাকা নৌকা থেকে সাহাবুল ইসলামের মরদেহ উদ্ধার করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত রবিউল ইসলাম হামলাকারীদের চিনতে পারেননি বলে জানিয়েছেন। লক্ষ্মীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ি এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করছে।
