নগরীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩
স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ট্যাপেন্টাডল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর চন্দ্রিমা থানা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃতরা হলো, নগরীর মতিহার থানার চর সাতবাড়ীয়া গ্রামের ইদুল, চন্দ্রিমা থানার আসাম কলোনীর রাসেল, বগুড়া সদর থানার বৃন্দাবনপাড়া এলাকার ইমাম হোসেন। তিনি বর্তমানে মতিহার থানার তালাইমারী এলাকায় বসবাস করেন।গত ১২ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চর সাতবাড়ীয়া এলাকা থেকে ইদুলকে এবং একই দিন রাত সাড়ে ১১টার দিকে আসাম কলোনী (বৌ বাজার) এলাকা থেকে রাসেলকে আটক করা হয়। পরে ১৩ জুন রাত ১১টার দিকে বোয়ালিয়া থানার তালাইমারী এলাকা থেকে ইমাম হোসেনকে আটক করা হয়। আটকের পর তাদের দেহ তল্লাশি করে ২৫ পিস ট্যাপেন্টাডল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ইমাম হোসেনের বিরুদ্ধে মতিহার থানায় দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
