সুন্দরবন প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা

সুন্দরবন প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। আজ (১ জুন) থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। ফলে জেলে, বাওয়ালী, মৌয়ালী এবং পর্যটক কেউই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্য প্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময়ে নদী-খালে মাছ ডিম ছাড়ে, বন্য প্রাণীদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। তাই প্রাকৃতিক পরিবেশ নির্বিঘ্ন রাখতে প্রতিবছরের মতো এবারও তিন মাসের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নিষেধাজ্ঞা চলাকালে বন বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের পাস পারমিট ইস্যু করা হবে না। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে বনে প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।

শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের জেলে সুদর্শন জানান, আগামী তিন মাস সুন্দরবনে প্রবেশের জন্য পাস বন্ধ থাকবে বলে বন বিভাগ থেকে তাদের জানানো হয়েছে। ফলে আগামী দিনগুলো তাদের অতি কষ্টে পার করতে হবে। উপজেলার বুড়গোয়ালিনি গ্রামের কাঁকড়া শিকানি মিজানুর গাজী বলেন, ‘সুন্দরবনে যেতে না পারলে উপকূলের জেলেদের আর্থিক সংকটে পড়বে। ফলে এনজিও থেকে লোনের টাকা নিয়ে বাকি দিনগুলো চলতে হবে।’  উপজেলার নীলডুমুর পর্যটক বাহি ট্রলার মাঝি রিপন গাজী বলেন, বোটগুলো পানিতে চলাচল না করলে নোনা পানীতে নষ্ট হয়ে যাবে। বনে প্রবেশের পাস বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছি। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, বন বিভাগ ও মৎস্য বিভাগ বনজীবীদের জন্য বিকল্প কর্মসংস্থান ও সরকারি সহায়তার বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। আগামী ১ সেপ্টেম্বর থেকে পুনরায় সুন্দরবন সবার জন্য উন্মুক্ত করা হবে। সূত্র: কালের কন্ঠ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট