হঠাৎ ডিমের দাম বৃদ্ধি, সংকট নাকি সিন্ডিকেট?
প্রভাত ডেক্স
বাংলাদেশে প্রাণিজ আমিষের অন্যতম সস্তা উৎস হিসেবে পরিচিত ডিম। তবে প্রায় তিন সপ্তাহ ধরে বাজারে ডিমের যে দাম দেখা যাচ্ছে, তাতে এটি আর সীমিত আয়ের মানুষের জন্য ‘সাশ্রয়ী আমিষের উৎস’ হিসেবে থাকছে না। অন্যান্য নিত্যপণ্যের দামের চাপের মধ্যে নিম্ন, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো যখন ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখন ডিমের দাম যেন ‘আগুনে ঘি ঢেলেছে’। দেশের বাজারে বর্তমানে বড় দোকানগুলোতে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। আবার কিছু এলাকার দোকানে এ দাম ১৬০ টাকা পর্যন্ত উঠেছে। অথচ মাত্র এক মাস আগে এক ডজন ডিমের দাম ছিল ১১০ থেকে ১২০ টাকার মধ্যে। অর্থাৎ মাসের ব্যবধানে ডজনপ্রতি ডিমের দাম বেড়েছে প্রায় ৫০ টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রায় প্রতি বছর বর্ষা মৌসুমে চাহিদা বাড়ার কারণে ডিমের দাম কিছুটা বাড়ে। তবে এবার অল্প সময়ের মধ্যে দাম বৃদ্ধির হার তুলনামূলক অনেক বেশি এবং অস্বাভাবিকভাবে বেড়েছে। এ ধরনের পরিস্থিতি এর আগেও দেখা গেছে। ২০২২ সালেও ডিমের অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সে সময় দাম বাড়ার কারণ অনুসন্ধানে মাঠে নামে সরকার। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি) ছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল বাজার তদারকিতে অংশ নেয়। ওই সময় দেখা যায়, ডিম উৎপাদনকারী বড় ফার্মগুলো কমিশন এজেন্টের মাধ্যমে দাম কারসাজি ও নিলাম প্রক্রিয়ায় নিজেদের নিয়োগ করা এজেন্ট ব্যবহার করে ডিমের দাম বাড়িয়েছে। ডিএনসিআরপির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এদিকে, এবারও এমন পরিস্থিতির তৈরি হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি সুমন হাওলাদার। ডিমের দাম বাড়ছে কেন এমন প্রশ্নে তিনি বলেন, করপোরেট কোম্পানি ও তাদের নিযুক্ত ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ডিমের দাম বাড়িয়েছে। এ সিন্ডিকেট তেজগাঁও ডিম ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ করেছে। ডিমের ক্রয়মূল্য যাই হোক না কেন, ডিম ব্যবসার সঙ্গে জড়িত সমিতিগুলো মোবাইল ফোনে দাম নির্ধারণে করে বাজার অস্থিতিশীল করে তুলছে। গত মাসে দাম কম থাকায় প্রচুর ডিম মজুত করেছে তারা। এখন দাম অস্বাভাবিক বাড়িয়ে মুনাফা করছে তারা। বিপিএ সভাপতি বলেন, ডিমের ক্রয়মূল্য যাই হোক না কেন, ডিম ব্যবসার সঙ্গে জড়িত সমিতিগুলো মোবাইল ফোনে মূল্য নির্ধারণের মাধ্যমে বাজার অস্থিতিশীল করে তুলছে। তারা গত মাসে দাম কম থাকার সময় প্রচুর ডিম মজুত করেছে। এখন দাম অস্বাভাবিক বাড়িয়ে মুনাফা করছে। সুমন হাওলাদারের দাবি, বর্ষা ও সবজির দাম বৃদ্ধির পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ার পরপরই এ সময়কে ‘সঠিক সময়’ হিসেবে বেছে নিয়েছে সিন্ডিকেট। এ বর্ধিত দামের কোনো সুবিধা প্রান্তিক খামারিরা পাচ্ছেন না। ২০২৪ সালেও ডিমের দাম বেড়েছিল মে মাসে। ওই সময় বাজারে প্রতি ডজন ডিমের দাম আবার ১৫০ টাকায় ওঠে। সে সময়ও ডিম হিমাগারে মজুত করে বাজার অস্থিতিশীল করার অভিযোগও ছিল বড় বড় কোম্পানি ও মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে। ব্যবসায়ীরা বলছে সংকট, খামারি বলছে ডিম নিচ্ছে না: ডিমের আড়তের কয়েকজন ব্যবসায়ী তারা গতানুগতিকভাবে বলেন, ডিমের সংকট, তাই দাম বাড়ছে। ঠিক একই দিনে মোবাইল ফোনে কথা হয় টাঙ্গাইলের কয়েকজন খামারির সঙ্গে, যেখানে দেশের সর্বোচ্চ পরিমাণে ডিম উৎপাদন হয়। ডিমের চাহিদা ও উৎপাদন: দেশে ক্রমাগত ডিমের উৎপাদন বাড়ছে। সবশেষ গত অর্থবছরে (২০২৪-২৫) দুই হাজার ৪৪০ কোটি পিসেরও বেশি ডিম উৎপাদন হয়েছে দেশে। দশ বছর আগে ২০১৫-১৬ অর্থবছরে যার পরিমাণ ছিল এক হাজার ১৯১ কোটি পিস। বর্তমানে দেশে প্রতিদিন গড়ে প্রায় ৪ কোটি পিস ডিম উৎপাদন হচ্ছে। বাংলাদেশ এগ প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. তাহির আহমেদ সিদ্দিকী বলেন, দেশের জাতীয় চাহিদা মেটাতে দৈনিক প্রায় সাড়ে ৩ থেকে ৪ কোটি ডিম প্রয়োজন হয়। এই ডিমগুলোর একটি বড় অংশ সারাদেশের খামার থেকে আসে। যদিও উৎপাদনের সঙ্গে পাল্লা দিয়ে ডিমের চাহিদা বাড়ছে। এখন বহু ধরনের খাদ্যপণ্যে ডিমের ব্যবহার বেড়েছে। যে কারণে ২০২৪-২৫ অর্থবছরে এসে ডিমের বাজার দাঁড়িয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকায়।
