বর্ষসেরা ফুটবলার হামজা ক্রিকেটার রিশাদ
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা ক্রীড়াবিদ-২০২৫ সালের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন দুই ফুটবলার হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা এবং হকি বিশ্বকাপে রেকর্ড গড়া আমিরুল ইসলাম। এ ছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২৫-এর সংক্ষিপ্ত তালিকায় আছেন (মনোনয়ন) হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), তানজিদ হাসান তামিম (ক্রিকেট), আমিরুল ইসলাম (হকি)। দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৪জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। থাকছে অর্থ পুরস্কারও। হামজা চৌধুরী এখন ইংল্যান্ডে রয়েছেন। অনুষ্ঠানে আসবেন কি না এই বিষয়ে ক্রীড়া লেখক সমিতির সভাপতি রেজওয়ান উজ জামান বলেন, ‘হামজার সঙ্গে আলোচনা চলছে। এখনো নিশ্চিত নয়।’ হকি খেলোয়াড় আমিরুল, নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, কোচ পিটার বাটলার দেশের বাইরে রয়েছেন। ২০২৫ সালে সেরা কোচের পুরস্কার পাচ্ছেন বৃটিশ কোচ পিটার বাটলার। তার পারফরম্যান্স থাকলেও অনেক ইস্যুতে সমালোচনা রয়েছে। এ নিয়ে পুরস্কার যাচাই-বাছাই কমিটির চেয়ারম্যান সুদীপ্ত আনন্দ বলেন, ‘তার পারফরম্যান্স অনেক উচুতে ছিল গত বছর। অন্য ইস্যুগুলো পর্যালোচনার মধ্যে থাকলেও সেটা তার সেরা হওয়ার জন্য বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।’ সূত্র: জাগো নিউজ
