বাংলাদেশ সফরে আসতে পারেন শেহবাজ শরিফ-আসিম মুনির

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তিন দিনের সফরে বাংলাদেশে আসতে পারেন বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও সংশ্লিষ্ট সূত্রগুলো সম্ভাব্য এই সফরকে ঘিরে কূটনৈতিক মহলে আলোচনা বাড়ছে। পাকিস্তান অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ কয়েক দশকের টানাপড়েনের পর ইসলামাবাদ ও ঢাকার মধ্যে সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে এই সফরকে দেখা হচ্ছে। সফরটি বাস্তবায়িত হলে এটি হবে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রস্তাবিত সফরের সময়সূচি এমন এক সময়ে সামনে এসেছে, যখন বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই সময়কাল আঞ্চলিক কৌশলগত বার্তা এবং বৃহত্তর ভূরাজনৈতিক হিসাব-নিকাশের ইঙ্গিত বহন করছে।

সফরটি হলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, শিল্প সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়গুলো আলোচনার কেন্দ্রে থাকতে পারে। পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ ও বিনিয়োগ সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে সংবেদনশীল বিষয় হিসেবে উঠে আসতে পারে প্রতিরক্ষা সহযোগিতা। ১৯৭১ সালের পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই খাতে সম্পর্ক সীমিত থাকলেও নতুন করে প্রযুক্তি ও সামরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে ড্রোন প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম উন্নয়ন এবং সামরিক প্রশিক্ষণ বিনিময়ের মতো বিষয়গুলো আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ও আলোচনায় থাকতে পারে, যদিও এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। রাজনৈতিক পরিবর্তনের পর কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের মত। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট