বগুড়া সিটি করপোরেশন গঠন ১৩তম নগর হিসেবে যাত্রা শুরু

বগুড়া পৌরসভা এবং এর সম্প্রসারিত এলাকা নিয়ে নতুন করে বগুড়া সিটি করপোরেশন গঠন করেছে সরকার। দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে গঠিত এই সিটিতে মোট ২১টি ওয়ার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়। একই সঙ্গে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর প্রথম তফসিল সংশোধন করে বগুড়া সিটি করপোরেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রজ্ঞাপনে বলা হয়, বিদ্যমান বগুড়া পৌরসভা এবং আশপাশের ইউনিয়নগুলোকে যুক্ত করে সিটি করপোরেশন গঠনের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা অনুযায়ী জেলা প্রশাসকের মাধ্যমে জনমত যাচাই করা হয়। পরে জেলা প্রশাসকের দাখিল করা প্রতিবেদনের ভিত্তিতে সরকার এ সিদ্ধান্ত কার্যকর করে। নতুন সিটি করপোরেশনের সীমানা নির্ধারণে উত্তরে রয়েছে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা, রাজাপুর ও শাখারিয়া ইউনিয়নের অংশ। দক্ষিণে রয়েছে শাজাহানপুর উপজেলার আশেকপুর, মাদলা ও মাঝিড়া ইউনিয়ন। পূর্বদিকে সাবগ্রাম, রাজাপুর ও মাদলা ইউনিয়নের অংশ এবং পশ্চিমে ফাঁপোড় ও এরুলিয়া ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নতুন এই সিটি করপোরেশন গঠনের মাধ্যমে বগুড়ার নগর ব্যবস্থাপনা আরও উন্নত হবে এবং স্থানীয় সেবা কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট