প্রশ্নফাঁসের অভিযোগ, বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে বাতিল কেমব্রিজের গণিত পরীক্ষা

‎প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাংলাদেশসহ একাধিক দেশে গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস লেভেলের গণিত (৯৭০৯/১২) পরীক্ষা বাতিল করেছে কেমব্রিজ কর্তৃপক্ষ। এই পরীক্ষার প্রশ্ন আগেভাগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়ায় আগামী ৯ জুন নতুন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ফল প্রকাশের নির্ধারিত তারিখ ১১ আগস্ট অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেমব্রিজ। ‎গত বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত এক হালনাগাদ বিজ্ঞপ্তিতে কেমব্রিজ এ তথ্য জানায়।

‎কেমব্রিজ কর্তৃপক্ষ জানায়, প্রশ্নপত্রটি তাদের কঠোর নীতিমালা ভঙ্গ করে আগেভাগেই শেয়ার করা হয়েছিল। ফাঁস হওয়া প্রশ্ন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এই পরীক্ষার নির্ভরযোগ্য ফল প্রকাশ করা সম্ভব নয়। ফলে ‘ক্যালকুলেটেড অ্যাসেসমেন্ট’ বা বিকল্প কোনো পদ্ধতিতে ফল তৈরির পরিবর্তে পরীক্ষাটি সম্পূর্ণ বাতিল করে নতুন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ‎কেমব্রিজ কর্তৃপক্ষ বলেছে, এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্কুলগুলোর হতাশা ও উদ্বেগ তারা বুঝতে পারছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নেন এবং ন্যায্য মূল্যায়নের জন্য তাঁরা কেমব্রিজের ওপর আস্থা রাখেন। সেই আস্থা অটুট রাখতে এবং বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছে গ্রহণযোগ্য ফল নিশ্চিত করতেই পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‎কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিভিন্ন পরীক্ষা বোর্ডের মতো তাঁরাও প্রায়ই প্রশ্নফাঁসের অভিযোগ পেয়ে থাকে, যার বেশির ভাগই ভুয়া। সাধারণত প্রতারকেরা অর্থের বিনিময়ে প্রশ্নপত্র দেওয়ার নামে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করে। কেমব্রিজ নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করে এবং প্রশ্নপত্র বিক্রি বা ছড়িয়ে দেওয়ার যেকোনো অভিযোগ তদন্ত করে থাকে। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের সঙ্গেও তারা কাজ করে বলে জানানো হয়েছে। সূত্র: সমকাল

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট