পশ্চিমবঙ্গে সরকার গঠনের ৪৫ দিনেই কাঁটাতারের জমি দেবে বিজেপি

পশ্চিমবঙ্গে সরকার গঠনের ৪৫ দিনেই বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের জমি দেবে বিজেপি

নতুন প্রভাত ডেস্ক

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির নেতাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই এই প্রক্রিয়া শুরু করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, সীমান্তে দ্রুত বেড়া নির্মাণ নিশ্চিত করতে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিজেপি তাদের নির্বাচনী ইশতেহারেই এই প্রতিশ্রুতি দিয়েছিল এবং ক্ষমতায় এলে তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।

বিজেপি নেতাদের দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কমিয়ে শূন্যের কাছাকাছি নিয়ে আসা। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও স্থানীয় পুলিশের যৌথ অভিযান জোরদার করা হবে। একই সঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকেও আরও সক্রিয়ভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে।
রাজ্য ও কেন্দ্রের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েনের কারণে সীমান্ত ব্যবস্থাপনায় সমন্বয়ের ঘাটতি ছিল বলে মনে করা হচ্ছে। বিশেষ করে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের সঙ্গে কেন্দ্রের বিভিন্ন নীতি ও নিরাপত্তা ইস্যুতে মতবিরোধ ছিল। নতুন সরকার গঠনের পর সেই অচলাবস্থা কাটতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
এর আগে, ২০২১ সালে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কার্যপরিধি ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার প্রস্তাব দেয় কেন্দ্রীয় সরকার। তবে সে সময় রাজ্য সরকার এটিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে বিরোধিতা করেছিল।
এছাড়া নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়েও কেন্দ্র ও রাজ্যের মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়। এসব ইস্যুতে প্রশাসনিক সমন্বয়ের অভাব সীমান্ত নিরাপত্তা নীতিতে প্রভাব ফেলেছিল বলে ধারণা করা হয়।
বিজেপি নেতৃত্ব মনে করছে, নতুন সরকার গঠনের মাধ্যমে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমন্বয় বাড়বে এবং সীমান্ত ব্যবস্থাপনায় গতি আসবে। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, নজরদারি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা জোরদারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা সামনে আসে, তা সময়ই বলে দেবে। তথ্যসূত্র : এনডিটিভি

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট