রাজশাহীতে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে মহানন্দা চলন্ত ট্রেন থেকে পড়ে আহত হওয়া কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। নিহতের নাম শফিকুল ইসলাম (৪৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেগমনগর গ্রামের বাসিন্দা তিনি। শফিকুল পেশায় কৃষি শ্রমিক ছিলেন। ধান কাটার কাজ শেষে কয়েকজনের সঙ্গে বুধবার রাতে মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে তিনি বাড়ি ফিরছিলেন।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, রাত ১১টার দিকে ট্রেনটি রাজশাহী শহরের বর্নালী মোড় এলাকা দিয়ে যাচ্ছিল। তখন ঝড় হচ্ছিল। এ সময় একটি গাছের ডালে বাড়ি খেয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে যান শফিকুল ইসলাম। পরে লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সকালে মারা যান। ওসি জানান, এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়ি নিয়ে গেছেন। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
