পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট শুরু, তুঙ্গে মমতা-শুভেন্দু লড়াই
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। এই দফায় রাজধানী কলকাতাসহ দক্ষিণবঙ্গের মোট ১৪২টি আসনে ভোট হচ্ছে, যা পুরো নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।Newspapers
এ দফার সবচেয়ে আলোচিত বিষয় হলো শাসকদল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মুখোমুখি অবস্থান। দুই শিবিরের এই লড়াইকে ঘিরে ভোটের মাঠে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।
২০২১ সালের নির্বাচনে দক্ষিণবঙ্গের ১৪২ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১২৩টি আসনে জয় পেয়েছিল। এবার সেই ঘাঁটি ধরে রাখাই দলটির প্রধান লক্ষ্য, অন্যদিকে বিজেপি সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে।
প্রচারণায় উন্নয়ন, সংস্কৃতি ও ‘বহিরাগত’ ইস্যুকে কেন্দ্র করে প্রচার চালিয়েছে তৃণমূল, আর বিজেপি সামনে এনেছে দুর্নীতি, কর্মসংস্থান ও নিরাপত্তার মতো বিষয়।
এ দফার ফলাফল আগামী ৪ মে গণনা করা হবে। বিশ্লেষকদের মতে, দ্বিতীয় দফার ভোটই পুরো নির্বাচনের গতিপথ অনেকটাই নির্ধারণ করে দিতে পারে।
