ইরান থেকে তেল কেনার অভিযোগ প্রত্যাখ্যান চীনা রিফাইনারির
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীনের বড় বেসরকারি তেল শোধনকারী প্রতিষ্ঠান হেংলি পেট্রোকেমিক্যাল। কোম্পানিটি জোর দিয়ে জানিয়েছে, ইরানের সঙ্গে তাদের কোনো বাণিজ্যিক সম্পর্ক নেই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সম্প্রতি হেংলির একটি সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরান থেকে অপরিশোধিত তেল কেনার অভিযোগ তুলে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তবে এ অভিযোগ সরাসরি নাকচ করেছে কোম্পানিটি। এক বিবৃতিতে তারা বলেছে, হেংলি কখনোই ইরানের সঙ্গে কোনো ধরনের বাণিজ্যে জড়ায়নি। কোম্পানির দাবি, তাদের সব তেল সরবরাহকারী নিশ্চিত করেছে যে সরবরাহ করা তেলের উৎস যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়ে না। এদিকে সম্ভাব্য চাপ মোকাবিলায় নিজেদের প্রস্তুতির কথাও জানিয়েছে হেংলি। তাদের কাছে তিন মাসের বেশি সময়ের জন্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে, ফলে উৎপাদন বা সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না বলে জানানো হয়েছে। একই সঙ্গে হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারির ওপর আরোপিত নিষেধাজ্ঞার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে প্রতিষ্ঠানটি। তাদের মতে, এ পদক্ষেপের কোনো বাস্তব বা আইনি ভিত্তি নেই। কোম্পানিটি জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সূত্র: কালের কন্ঠ
