প্রধানমন্ত্রীর ভারত সফরে এখনো অনুকূল  পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র শহীদুল করিম বলেন, সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ চললেও সাম্প্রতিক কিছু ঘটনায় প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য মতবিনিময়ের পর ঢাকার কাছে সফরের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। বাংলাদেশ মনে করে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে দুই দেশের মধ্যে আস্থার অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

শহীদুল করিম বলেন, এ লক্ষ্যে ভারতীয় কর্তৃপক্ষকে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে দ্রুত প্রত্যর্পণের ব্যবস্থা নিতে অনুরোধ করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ভারত সফরের বিষয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ফলে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরটি কবে হবে, তা নির্ভর করছে চলমান কূটনৈতিক যোগাযোগ ও সংশ্লিষ্ট বিষয়গুলোর অগ্রগতির ওপর।

বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক স্বার্থ, সমতা ও আস্থার ভিত্তিতে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগে চীন সফরে গিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর আলোচনা করেছেন।

এ অবস্থায় সম্ভাব্য ভারত সফরকে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে ঢাকা স্পষ্ট করেছে, সফরের আগে প্রয়োজনীয় কূটনৈতিক পরিবেশ তৈরি হওয়াকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট