মহাদেবপুরে বিষ দিয়ে ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ

মহাদেবপুর প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে রোপণকৃত ধানের জমিতে বিন্না মারা বিষ প্রয়োগ করে ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর মৌজায়। এ ঘটনায় ভুক্তভোগী মোজাফফর হোসেন (৬৮) বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জয়পুর গ্রামের বাসিন্দা মৃত মমেজ উদ্দিনের ছেলে মো. মোজাফফর হোসেন তার পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত আরএস খতিয়ান নং- ১৯৪, হাল দাগ- ১৩২৪, ৩.৬৪ একরের মধ্যে ১.৯৮ একর জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি জমি নিয়ে বিরোধ সৃষ্টি হলে মোজাফফর হোসেন বাদী হয়ে আদালতে দুটি পৃথক মামলা দায়ের করেন। বর্তমানে মামলা দুটি (যার নম্বর- ৫৩৪সি/২০২৬ মহা. ও ৫৯৫সি/২৬ মহা.) চলমান রয়েছে। এরই জের ধরে গত ১৪ আগস্ট শুক্রবার বেলা আনুমানিক ১১টার সময় খাজুর ইউনিয়নের দেবীপুর নিচপাড়া গ্রামের মৃত আব্দুলের ছেলে মো. আমিনুল ইসলাম (৩০) সঙ্গীয় লোকজনসহ

ওই জমিতে গিয়ে রোপণ করা ধানে বিন্না মারা বিষ প্রয়োগ করে। ঘটনা জানতে পেরে মোজাফফর হোসেন ও তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে এ সময় বিবাদীরা তাদের ওপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মোজাফফর হোসেন আরও দাবি করেন, বিন্না মারা বিষ প্রয়োগ করার কারণে জমির ধানগাছগুলো পুড়ে গেছে। অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট