৫৪ রানে অলআউট তৃতীয় সারির দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
মূল অস্ট্রেলিয়া একাদশের কেউ ছিলেন না।প্রস্তুতি বাংলাদেশর বিপক্ষে মাঠে নামা একাদশকে বড়জোর তৃতীয় সারির দল বলা যায়।সেই দলের বিপক্ষেও রীতিমতো উড়ে গেছে টাইগাররা। ডারউইনের মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬৩ রানের জবাবে ৩৫৫ রান করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ৯২ রানের লিড পায় তারা। কিন্তু এই রানও দ্বিতীয় ইনিংসে করতে পারেনি বাংলাদেশ।
গতকাল নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৯ রানে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ তৃতীয় ও শেষ দিনে ১৭ ওভারেই বাকি ৮ উইকেট হারায় নাজমুল হোসেনের দল। বাংলাদেশকে রীতিমতো গুড়িয়ে দিয়েছেন বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন। ১০ উইকেটের ৮টিই তাঁর, বাকি দুই উইকেট নিয়েছেন অফ স্পিনার কোরি রকিচোলি।
শনিবার ব্যাটিংয়ে নেমে কোনো রান না করেই এলবিডব্লিউ হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর সৌম্য সরকার ৫ ও মুশফিকুর রহিম ২ রান করে থম্পসনের শিকার হন। মাত্র ৩৬ রানেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ২২ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে অমিত হাসান ৪ রান করে কোরি রকিচোলির বলে ক্যাচ দেন। এরপর মেহেদী হাসান মিরাজও দ্রুত ফিরে গেলে ৪৫ রানেই ছয় উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে হাসান মাহমুদ ২ রানে অপরাজিত থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো আর কোনো ব্যাটার ছিলেন না। তাসকিন আহমেদ ও এবাদত হোসেনকে আউট করে বাংলাদেশের ইনিংস শেষ করেন থম্পসন। সূত্র: ইনকিলাব
