রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ
স্টাফ রিপোর্টর
সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ।
অনুষ্ঠানে মাহফুজুর রহমান রিটন বলেন, সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী মহানগরে আড়াই লাখ গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম চলমান রয়েছে। সিটি করপোরেশনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থাও এ কর্মসূচিতে অংশ নিচ্ছে। ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রমও শিগগিরই শুরু হবে। এ সময় তিনি শুধু গাছ লাগানো নয়, গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ইব্রাহিম আলী, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বারিক মৃধা, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মঈদ, মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ আবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতম। এতে ছাত্রদলের নেতাকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
