বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান হলেন বুলবুল
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন রাজশাহীর সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত পৃথক ১২টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের পদ ছাড়া বাকি ১১টি সংস্থায় গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন রাজশাহীর সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। নিয়োগের শর্ত হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে তা ছিন্ন করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাদের এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
