রাকাবে শাখা ব্যবস্থাপকদের সাথে মতবিনিময়

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) রাজশাহী জোনের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২৬ অর্থ বছরে গ্রাহকদের ৪০০কোটি টাকার ঋণ বিতরণের পরিকল্পনা করা হয়। এছাড়াও সভায় কৃষক, উদ্যোক্তা ও পরিবেশ বান্ধব ব্যবসায়ীদের সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মরতুজা। বিশেষ অতিথি ছিলেন প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ ও রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকাব, রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ মহববত আলী বিশ্বাস।

কর্মপরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন প্রসঙ্গে সভার সভাপতি ও রাকাব, রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ মহববত আলী বিশ্বাস বলেন, আগামী অর্থ  বছরে মোট শ্রেণিকৃত ঋণ ১০ ভাগে নামিয়ে আনা হবে। এক্ষেত্রে, আমদানি বিকল্প মসলা উৎপাদনে কৃষকদের মাত্র ৪% সুদে ঋণ বিতরণ, নতুন ঋণ বিতরণ করা, নতুন গ্রাহক বৃদ্ধি, ডিজিটাল সেবা সহ অন্যান্য গ্রাহক সেবা বৃদ্ধি করা, সাধারণ গ্রাহকের পাশাপাশি গ্রাজুয়েট গ্রাহক (নিয়মিত লেনদেনকারী গ্রাহক) বৃদ্ধি করা, সরকারি নির্দেশনা মোতাবেক এক্সিট পলিসির (খেলাপি ঋণগ্রহিতাদের ঋণের বিশেষ সুদ সুবিধা) আওতায় খেলাপি ঋণ কমিয়ে আনা, ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিকভাবে সহায়তা করার জন্য এসএমই ঋণ বৃদ্ধি করা ও পরিবেশ বান্ধব ঋণ যেমন- সৌর বিদ্যুৎ, বায়োগ্যাস, কেঁচো কম্পোস্ট ইত্যাদি।

সভায় রাকাবের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা বলেন, ব্যবস্থাপকগণকে দক্ষতার সাথে কাজ করার মাধ্যমে নতুন  আমানত এবং ভালো ঋণ বৃদ্ধি করতে হবে। কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিতকরনের উপর গুরুত্বারোপও করেন তিনি। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইন্ডিকেটরে সফলতা অর্জনকারী শাখা ব্যবস্থাপককে সম্মাননা সনদ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট