আয়নাঘর পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের তিন বিচারক: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারক ঢাকার বিভিন্ন স্থানে থাকা গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ সরজমিনে পরিদর্শন করবেন। একই সঙ্গে ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় আগামীকাল বা পরশুর মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালে শুনানি শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, ‘ট্রাইব্যুনাল-১ এ দুটি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ হয়েছে। এছাড়া কথিত গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে একটি আবেদন করা হয়। আবেদনে ডিজিএফআই কমপ্লেক্সের কচুক্ষেত ক্যান্টনমেন্টের ভেতরের একটি স্থাপনা, র্যাব-১ এর টিএফআই সেল এবং ডিবি কার্যালয়সহ বিভিন্ন স্থান পরিদর্শনের কথা উল্লেখ করা হয়।’
তিনি বলেন, ‘প্রচলিত আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধিমালা অনুযায়ী বিচারকরা প্রয়োজন হলে ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন। অতীতে রুয়ান্ডা ও সাবেক যুগোস্লাভিয়া ট্রাইব্যুনালেও বিচারকরা ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং সেই পর্যবেক্ষণ বিচারিক কার্যক্রমে ব্যবহৃত হয়েছিল।’
চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করেছেন। তিন বিচারক সুবিধাজনক সময়ে পরিদর্শনের দিন-তারিখ নির্ধারণ করবেন। পরিদর্শনের আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে নোটিশ দেয়া হবে এবং উভয় পক্ষের উপস্থিতিতে পরিদর্শন সম্পন্ন হবে।
হেফাজতে ইসলামের শাপলা চত্বরের সমাবেশে হত্যাকাণ্ডের মামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্ত সংস্থার পূর্ণাঙ্গ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে জমা হয়েছে। সেটি গ্রহণের পর ফরমাল চার্জ প্রস্তুত করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল অথবা পরশুর মধ্যেই অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে।’ সূত্র: মানব জমিন
