উত্তেজনার মাঝেই ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা তীব্র হলেও ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাতের পাশাপাশি আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর আগ্রহ বজায় রেখেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। তাঁর ভাষ্য, ইরান যদি দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের জবাবদিহির মুখোমুখি করবেন। তবে একই সঙ্গে তিনি সব সময় কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত। লেভিট আরও জানান, ইরান ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহ প্রকাশ করেছে এবং এ বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হামলা চালিয়ে ইরান কোনো ধরনের পরিণতি এড়াতে পারবে না। এর একদিন আগে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ইরানে আটক থাকা এক মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ায় প্রকাশ্যে ইরানকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা কাটানোর সম্ভাব্য ইঙ্গিত বহন করছে। গত জুনে দুই দেশের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হলেও সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক দফা হামলা চালিয়েছে। এর জেরে ওই যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান আলোচনায় ফিরে না এলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার পরিধি আরও বাড়ানো হতে পারে। সূত্র: আল আরাবিয়া
