দলীয় শত্রুতে পরিবেষ্টিত’ প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ কর্নেল অলির
ঢাকার বাইরে রাত্রিযাপন না করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করেছেন এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ। গতকাল বুধবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ১১ দলের এক সেমিনারে তিনি এ পরামর্শ দেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে অলি আহমেদ বলেন, আপনি চতুর্দিকে শত্রু দ্বারা পরিবেষ্টিত। আপনাকে আগেও পরামর্শ দিয়েছি এখনও দিচ্ছি, ঢাকার বাইরে আপনি রাত্রী যাপন করবেন না। তিনি বলেন, চতুর্দিকে শত্রু রেখে আপনি দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা বিরোধী দলগুলো হলো আপনার প্রকাশ্য শত্রু যারা মাইকে কথা বলি, কিন্তু প্রধানমন্ত্রীর আশেপাশে যারা আছে তারা হলো অপ্রকাশ্য শত্রু, যাদের অনেকে বিদেশ থেকে অর্থ ও পরামর্শ পেয়ে তাকে বিপথগামী করছে। বাংলাদেশে থাকা বিদেশী গুপ্তচরদের চিহ্নিত করাকে তিনি প্রথম ও প্রধান কাজ হিসেবে উল্লেখ করেন।
এলডিপি চেয়ারম্যান প্রধানমন্ত্রীর উদ্দেশে আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে হিসেবে ইতিহাসের একজন নেতা হওয়ার জন্য এই সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত। তিনি উল্লেখ করেন, সংস্কারের ক্ষেত্রে প্রধান সমস্যা হতে পারে প্রধানমন্ত্রী থাকলে দলের প্রধান থাকা যাবে না। এই বিষয়টি নিয়ে আপনি আলোচনা করেন ১১ দলীয় জোটের সাথে । বাকিগুলো যত দ্রুত সম্ভব সংসদে পাস করুন।
অলি আহমেদ হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা সহজে ক্ষান্ত হবেন না; দাবি আদায় আলাপ-আলোচনার মাধ্যমে না হলে বলপ্রয়োগের মাধ্যমে হবে, তবে আলোচনার মাধ্যমে শেষ করাই বাঞ্ছনীয়। তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মানুষের মৃত্যু, অবৈধ দখলদারি, চাঁদাবাজি এবং মাদকের বিস্তারের কথা উল্লেখ করেন। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় এবং নতুন বিনিয়োগ আসছে না বলে তিনি মন্তব্য করেন। তিনি বর্তমান প্রশাসনের কর্মকর্তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘‘ডেপুটি সেক্রেটারি হয়ে গেছে মন্ত্রী,যার কারণে দেশ পরিচালনায় সমস্যা হচ্ছে এবং অভিজ্ঞতাহীন কাঁচা প্লেয়ার দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। এলডিপি চেয়ারম্যান আবারও মনে করিয়ে দেন যে প্রধানমন্ত্রী ভালো অবস্থানে নেই এবং ১১ দলীয় জোট তার শত্রু নয়, বরং বন্ধু। দেশের মঙ্গলের জন্যই তারা প্রকাশ্যে এই পরামর্শগুলো দিচ্ছেন। সূত্র: ইনকিলাব
