একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা চূড়ান্ত হচ্ছে আজ

একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে ‘ভর্তি নীতিমালা-২০২৬’ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় এ উপলক্ষে একটি সভা আহ্বান করা হয়েছে। সভাটি একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম এবং বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখা থেকে প্রকাশিত এক নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উপসচিব মো. আ. কুদ্দুসের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে এই সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিত থাকার কথা রয়েছে। সভার মূল আলোচ্যসূচি হলো একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৬ চূড়ান্ত করা।

এই নীতি নির্ধারণী সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতিকে প্রয়োজনীয় সব ডকুমেন্ট ও কার্যপত্রসহ উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের অনলাইনে এই সভায় যুক্ত হতে বলা হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভাগের অতিরিক্ত ও যুগ্মসচিবদের এই সভায় যথাসময়ে অংশ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সূত্র: কালের কন্ঠ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট