তানোরে চা বিক্রেতার কন্যাকে ল্যাপটপ উপহার দিলেন বিএনপি নেতা

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেধাবী কন্যা ও জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহমুদার উচ্চশিক্ষা নির্বিঘ্ন করতে সহযোগিতার হাত বাড়িয়েছেন শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব। ব্যক্তিগত উদ্যোগে তিনি শিক্ষার্থী মাহমুদার হাতে একটি ল্যাপটপ তুলে দেন।

জানা গেছে, আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার স্বাক্ষর রেখে তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা জামালপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ অর্জন করেন। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা এই শিক্ষার্থীর লেখাপড়ায় প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে তাকে এ ল্যাপটপ উপহার দেওয়া হয়।

এ সময় আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব বলেন, সমাজের মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। একজন মেডিকেল শিক্ষার্থীর জন্য ল্যাপটপ এখন প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী। মাহমুদার মতো মেধাবী শিক্ষার্থীদের যথাযথ সহযোগিতা করতে পারলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত। এ সময় উপস্থিত ছিলেন,কৃষ্ণপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন, সমাজ উন্নয়নকর্মী ও সাংবাদিক এম রায়হান আলী, মাহমুদার বাবা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট