পুঠিয়ার ঐতিহ্যবাহী রাজবাড়ি পরিদর্শনে ব্রুনেইর রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার

শতবর্ষের ইতিহাস, টেরাকোটার নিপুণ কারুকাজ আর রাজকীয় স্থাপত্যের অনন্য ঐতিহ্য যেন হাতছানি দিয়েছিল। সেই টানেই রাজশাহীর ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি ও গোবিন্দ মন্দির পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ব্রুনেই দারুসসালামের রাষ্ট্রদূত হাজি হারিস বিন হাজি ওসমান। গতকাল শনিবার দুপুরে তাঁর এ সফর শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল না; বরং বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্যকে কাছ থেকে জানার এক কূটনৈতিক প্রয়াস বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

দুপুর আড়াইটায় দুই সদস্যের প্রতিনিধি দল নিয়ে সড়কপথে পুঠিয়া রাজবাড়ি চত্বরে পৌঁছান রাষ্ট্রদূত। আগমনের পর তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এবং রাজবাড়ি কর্তৃপক্ষ। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার পরই প্রতিনিধি দলটি প্রবেশ করেন ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা রাজবাড়ির প্রাঙ্গণে। রাজবাড়ির বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার পাশাপাশি প্রতিনিধি দলটি পরিদর্শন করেন রাজবাড়ি-সংলগ্ন প্রাচীন গোবিন্দ মন্দির। টেরাকোটার সূক্ষ্ম অলংকরণ, প্রাচীন স্থাপত্যশৈলী এবং ঐতিহ্য সংরক্ষণের নানা দিক গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেন রাষ্ট্রদূত। সফরকালে তিনি স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে পুঠিয়ার ইতিহাস, জমিদারি আমলের স্থাপত্য এবং সংরক্ষণ কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত তথ্য নেন। রাষ্ট্রদূতের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন, ব্রুনেই দূতাবাসের প্রথম সচিব মাজি রোজাইমি বিন দাতো পদুকা হাজি আবদুল্লাহ এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক সম্পাদক আবদুল রহমান। সফর শেষে দুপুর ১টা ৫০ মিনিটে প্রতিনিধি দলটি সড়কপথে ঢাকার উদ্দেশে পুঠিয়া ত্যাগ করেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট