রাজশাহী কলেজে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
রাজশাহী কলেজ প্রতিনিধি
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে রাজশাহী কলেজে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য সমর্থন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন কলেজ ক্যাম্পাস।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী কলেজের রজনীকান্ত সেন মঞ্চ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি প্রশাসনিক ভবনের সামনে দিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বক্তব্য দিতে গিয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও রাজশাহী কলেজ ছাত্রদলের আহবায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, রাজশাহী কলেজের প্রায় ৩২ হাজার শিক্ষার্থীর মধ্যে অধিকাংশই আর্জেন্টিনার সমর্থক। ব্রাজিল সমর্থকদের সাংগঠনিক সক্ষমতা থাকলে তারাও এ ধরনের শোভাযাত্রা আয়োজন করে দেখাক।
রাজশাহী কলেজ আর্জেন্টিনা ফ্যানাটিক্স (আরসিএএফ) এর সভাপতি মো. যুবাইর রশীদ বলেন, রাজশাহী কলেজের আর্জেন্টিনা সমর্থকদের একত্রিত করে বিশ্বকাপকে ঘিরে বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সংগঠনটি গঠন করা হয়েছে। আগামী বিশ্বকাপ উপলক্ষে আমরা নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করব। এদিকে, ক্লাস করতে আসা সাধারণ শিক্ষার্থী হাসিব আজিজ বলেন, ফুটবল নিয়ে শিক্ষার্থীদের এমন উচ্ছ্বাস ইতিবাচক। তবে খেলাকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা যেন সুস্থ ও আনন্দমুখর থাকে, সেটিই সবাই প্রত্যাশা করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কলেজের বিপুল সংখ্যক আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থী এতে অংশ নেন।
