বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমিমন্ত্রীর
দেশকে এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ—এমন মন্তব্য করে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধে সরকারি সংস্থাগুলোর প্রতি তাগিদ দিয়েছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু।
রাজধানীর ভূমি ভবনে “সংস্থার ভূমি উন্নয়ন কর আদায়ে করণীয়” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অতীতে জোরপূর্বক কর আদায়ের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার ও তা টিকিয়ে রাখার উদাহরণ থাকলেও আধুনিক রাষ্ট্রব্যবস্থায় নাগরিক ও প্রতিষ্ঠান কর প্রদানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অবদান রাখে।
মন্ত্রী বলেন, একটি দেশ পরিচালনার জন্য অর্থের প্রয়োজন রয়েছে। সেই অর্থের জোগান নিশ্চিত করতে ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থাকেও ভূমি উন্নয়ন কর নিয়মিতভাবে পরিশোধ করতে হবে। তিনি আরও বলেন, সম্প্রতি সংসদে পেশ করা বাজেটে সরকারের অর্থ সংগ্রহের উৎস ও খাতগুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিজ নিজ ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধের পাশাপাশি পরবর্তী বাজেট প্রণয়নে এ খাতে বরাদ্দ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল বাকী। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: ইনকিলাব
