ইসলামী ব্যাংকে টাকা উত্তোলনের হিড়িক উদ্বিগ্ন গ্রাহকদের ভিড়

সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি.কে ঘিরে বিভিন্ন আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে গ্রাহকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভবিষ্যতে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা নিয়ে শঙ্কা থেকে অনেক গ্রাহক তাদের আমানত উত্তোলনে ঝুঁকছেন বলে জানা গেছে। গতকাল বুধবার (১০ জুন) কক্সবাজার শহরের বাজারঘাটা শাখাসহ ইসলামী ব্যাংকের আরো কয়েকটি শাখায় বিপুল সংখ্যক গ্রাহকের উপস্থিতি লক্ষ্য করা যায়। টাকা উত্তোলন ও বিভিন্ন ব্যাংকিং সেবা নিতে সকাল থেকেই শাখাগুলোতে ভিড় জমে। এতে গ্রাহকদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। কয়েকজন গ্রাহক জানান, অতীতে ব্যাংক খাতে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ ও অনিয়মের নানা অভিযোগ সামনে আসায় তারা তাদের সঞ্চয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এ কারণে অনেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জমাকৃত অর্থের একটি অংশ উত্তোলন করছেন। তবে ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। কক্সবাজার বাজার ঘাটা শাখার ব্যবস্থাপক বোরহান উদ্দিন বলেন, “ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। গ্রাহকদের নিয়মিত লেনদেনের অংশ হিসেবেই এমন উপস্থিতি দেখা যায়। সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে কিছু গ্রাহকের মধ্যে উদ্বেগ থাকলেও ব্যাংকের কার্যক্রমে কোনো ধরনের সমস্যা নেই।” ব্যাংক সূত্র জানায়, গ্রাহকদের সব ধরনের সেবা স্বাভাবিকভাবে প্রদান করা হচ্ছে এবং লেনদেনেও কোনো প্রতিবন্ধকতা নেই। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে কয়েকটি শাখায় গ্রাহক সমাগম তুলনামূলকভাবে বেড়েছে। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট