ছয়তলা বাড়ির মালিক হয়েও ভাড়া বাসায় বৃদ্ধ বাবা, ছেলের বিরুদ্ধে মামলা

নিজের উপার্জনের টাকায় গড়া বাড়িতে থাকতে পারেন না। বয়সের ভারে ন্যুব্জ, শারীরিকভাবে পঙ্গু এই বৃদ্ধকে থাকতে হচ্ছে একটি ভাড়া ফ্ল্যাটে। তাঁর অভিযোগ, নিজের ছোট সন্তান ও তাঁর স্ত্রী মিলে তাঁকে বাড়িছাড়া করেছেন। ভুক্তভোগী ওই বৃদ্ধের নাম এম মো. আলী। রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় তাঁর ছয়তলা বাড়ি। মো. আলী প্রথম আলোকে বলেন, জীবনের একটি বড় সময় মধ্যপ্রাচ্যে গিয়ে কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করে এই বাড়ি নির্মাণ করেন। বাড়ির পাশাপাশি একটি পোশাক কারখানাও গড়ে তুলেছিলেন। অসুস্থ হওয়ার পর কারখানাটি বন্ধ হয়ে গেছে। মো. আলী এখন বড় ছেলে ওয়াহিদ জুবায়েরের সঙ্গে উত্তরার একটি ভাড়া ফ্ল্যাটে থাকেন। মো. আলীর অভিযোগ যে ছোট ছেলের বিরুদ্ধে, তিনি বাবার ওই ছয়তলা ভবনে থাকেন। বাবার পক্ষ নেওয়ায় নিজেও মামলার হয়রানিতে পড়েছেন বলে বড় ছেলে দাবি করেন। ছোট ছেলের পাল্টা অভিযোগ, তাঁর ভাই এই সম্পত্তি দখল করতে বাবাকে ব্যবহার করছেন। নিজের বাড়িতে না থাকা নিয়ে মো. আলী বলেন, ছেলে ও তাঁর সহযোগীরা তাঁকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করেছেন। কোথাও আশ্রয় নিলে সেখানে গিয়ে বা ফোন করে হুমকি দেওয়া হয়। যাঁরা তাঁকে আশ্রয় দেন, তাঁদেরও চাপ দেওয়া হয়। তাঁকে আশ্রয় দেওয়ার কারণে বড় ছেলের বিরুদ্ধেও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই বৃদ্ধ বলেন, তিনি এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। যাঁরা তাঁর বিরুদ্ধে এসব কর্মকাণ্ডে জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি নিজের বাড়িতে নিরাপদে বসবাসের সুযোগ চাইছেন। বাড়ি দখল ও নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে মামলা ও একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. আলী। বাড়ির দখল পুনরুদ্ধারে গত বছরের মে মাসে তিনি আদালতে মামলা করেন। সেখানে তিনি অভিযোগ করেন, তাঁর ছোট ছেলে এম এম মাহমুদ সাঈদ বাড়িটি দখল করে রেখেছেন। মাহমুদ ও স্ত্রী ওয়াহিদা বেগম তাঁর গলায় ছুরি ধরে তাঁকে বাসা থেকে বের করে দেন। বাড়ি দখলের অভিযোগের বিষয়ে ছেলে এম এম মাহমুদ সাইদ প্রথম আলোকে বলেন, তাঁর বাবা তিন বছর আগে প্যারালাইজড (শারীরিকভাবে পঙ্গু) হন। এরপর তাঁর বড় ভাই ওয়াহিদ যোবায়ের ভুল বুঝিয়ে বাবার সঙ্গে তাঁদের সম্পর্ক নষ্ট করেছেন। বড় ভাই বাবার সমস্ত সম্পদ দখল করতে চাইছেন।

মাহমুদ সাঈদ জানান, তিনি তাঁর বাবার বাড়ির একটি ফ্ল্যাটে থাকেন। বাড়ির কিছু ফ্ল্যাট খালি রয়েছে। একটি ফ্ল্যাট থেকে তাঁর বাবা এখনো নিয়মিত ভাড়া নেন। ছোট ভাইয়ের অভিযোগের বিষয়ে বড় ভাই ওয়াহিদ যোবায়ের প্রথম আলোকে বলেন, বাড়ি লিখে দিতে ছোট ভাই তাঁর বাবাকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। কয়েকবার বাবাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। সে জন্য তিনি বাবাকে তাঁর কাছে নিয়ে আসেন। বাবাকে আশ্রয় দেওয়ার কারণে তাঁকেও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সূত্র: প্রথম আলো

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট