গরমে পুড়ছে দেশ, শিশু ও বয়স্করা ঝুঁকিতে
প্রভাত ডেক্স
তাপপ্রবাহ আর সেই সঙ্গে বাতাসে অস্বাভাবিক আর্দ্রতা যোগ হওয়ায় অনুভূত হচ্ছে অসহ্য গরম। গত বৃহস্পতিবার দেশের ৩৮টি জেলার ওপর দিয়ে বয়ে গেছে এই তাপপ্রবাহ। ফলে মানুষের মধ্যে পানিশূন্যতা, মাথা ঘোরা, খিঁচুনি ও হিটস্ট্রোকের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকির শঙ্কা তৈরি হচ্ছে। শিশু ও বয়স্কদের পাশাপাশি কর্মজীবী মানুষ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছালে হিটস্ট্রোকের মতো প্রাণঘাতী পরিস্থিতিও তৈরি হতে পারে। তীব্র গরমে শিশু, বয়স্ক, প্রসূতি, শ্রমজীবী ও দীর্ঘমেয়াদি রোগীরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।আইসিডিডিআরবির তথ্য অনুযায়ী, পারিপার্শ্বিক তাপমাত্রা যখন ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায় এবং এই অবস্থা টানা দুদিনের বেশি স্থায়ী হয়, তখন সেই তাপপ্রবাহকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। অন্যথায় তা মানবদেহের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, রাজধানীসহ ৩৮টি জেলার ওপর দিয়ে গতকাল তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে মৌসুমি বায়ু প্রবেশে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। এবার বেশ দেরি হচ্ছে এ বায়ু প্রবেশে। বায়ু প্রবেশের আরও তিন থেকে চার দিন পর দেশজুড়ে বৃষ্টি বাড়তে পারে।
