পোরশার ঐতিহ্যবাহী নিতপুর পুনর্ভবা নদীতে বোয়ালের পোনা ধরার ধুম

পোরশা প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলার ঐতিহ্যবাহী নিতপুর সংলগ্ন পুনর্ভবা নদীতে হঠাৎ করেই বোয়ালসহ বিভিন্ন  মাছের বাচ্চা বা পোনা ধরার ধুম পড়েছে। নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ছোট সাইজের বোয়াল। আর এসব মাছ স্থানীয় হাট-বাজারে আসায় রীতিমতো বোয়ালের বাচ্চায় সয়লাব হয়ে গেছে পোরশার বাজারগুলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষার নতুন পানি আসার পর থেকেই পুনর্ভবা নদীতে বোয়ালসহ বিভিন্ন মাছের রেণু ও পোনা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এক শ্রেণীর অসাধু ও সৌখিন মৎস্যজীবী রিংজাল, নেট কাপা ও মশারী জাল ব্যবহার করে নদী থেকে অবাধে এই বোয়াল মাছের বাচ্চাগুলো ধরে ফেলছেন।

সরেজমিনে নিতপুর বাজার ও পোরশার বিভিন্ন মোড়ের বাজার ঘুরে দেখা যায়, ছোট ছোট বোয়াল মাছের স্তূপ নিয়ে বসে আছেন বিক্রেতারা। আকারভেদে প্রতি কেজি বোয়ালের বাচ্চা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে। সস্তা এবং সুস্বাদু হওয়ায় সাধারণ ক্রেতারাও হুমড়ি খেয়ে পড়ছেন এই মাছ কিনতে।

স্থানীয় এক ক্রেতা জানান, “বাজারে এতো ছোট বোয়াল মাছ সাধারণত দেখা যায় না। এবার পুনর্ভবা নদীতে প্রচুর বোয়ালের বাচ্চা ধরা পড়ছে শুনলাম। দামও হাতের নাগালে, তাই ১ কেজি কিনলাম।”

তবে পরিবেশবাদী ও সচেতন মহলের মতে, এভাবে নির্বিচারে বোয়াল মাছের পোনা নিধন করা হলে ভবিষ্যতে পুনর্ভবা নদী বড় বোয়াল মাছ শূন্য হয়ে পড়বে। জীববৈচিত্র্য ও দেশীয় মাছের বংশবৃদ্ধির স্বার্থে এখনই এই পোনা মাছ ধরা বন্ধ করা উচিত। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজার সাথে কথা বললে তিনি জানান, নদীতে অবৈধ জাল ব্যবহার করে পোনা মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। পুনর্ভবা নদীর মৎস্য সম্পদ রক্ষায় দ্রুতই অভিযান পরিচালনা করা হবে এবং পোরশার বাজারগুলোতে যেন এসব পোনা মাছ বিক্রি না হতে পারে সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট