রহনপুরে এবিয়ান ফুটবল ফেস্টিভ্যাল
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রহনপুর আহম্মাদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন (এবিয়ান) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এবিয়ান ফুটবল ফেস্টিভ্যাল সিজন-৪। গত কয়েক বছরের ন্যায় এবারও এ ফুটবল ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। শনিবার সকালে র্যালির মাধ্যমে এ আন্তঃ ব্যাচ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক এবিয়ান ও এলাকার জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। এ উৎসবকে ঘিরে শনিবার সকাল থেকে প্রিয় শিক্ষাঙ্গনের মাঠে জড়ো হতে থাকে এবিয়ানরা। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও টুর্নামেন্টের পতাকা উত্তোলন ও শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় প্রতিযোগীতা। একে একে ৩৪ টি দলের ১৭ টি ম্যাচের পর আকাক্সিক্ষত সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামে রাতে। চুড়ান্ত খেলায় এসএসসি ২০১১ ব্যাচ ২-১ গোলে ২০০৯ ব্যাচকে পরাজিত করে এবিয়ান ফুটবল ফেস্টিভ্যাল সিজন-৪ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি এলাকার জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এবিয়ান জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক প্রভাষক আহসানউল্লাহ সোহেল, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন নাহিদ, সদস্য সচিব জাফর আলী টুটুলসহ টুর্নামেন্ট কমিটির সদস্যরা।
