অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে ‘কমিশন’ গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের যাবতীয় কর্মকাণ্ড খতিয়ে দেখতে ‘কমিশন অব ইনকোয়ারি’ বা তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার বিচারপতি আহমেদ সোহেল ও ফাতেমার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার আদেশ দেয়ার কথা রয়েছে। এদিন রিটকারী আইনজীবী হিসেবে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী মহসিন রশীদ। তার সঙ্গে ছিলেন এম কে রহমান। শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মহসিন রশীদ বলেন, ‘‘আদালত তাদের পিটিশনটিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিস্তারিত’ বলে মন্তব্য করেছেন।’’

অন্যদিকে এ বিষয়ে সরকারের অবস্থান জানাতে অ্যাটর্নি জেনারেল সময় চেয়েছেন। আইনজীবী এম কে রহমান বলেন, ‘‘আমরা শুধু একটি ‘কমিশন অব ইনকোয়ারি’ চেয়েছি। ইউনূস সাহেবের আমলে যা কিছু ঘটেছে, তার একটি সুষ্ঠু তদন্ত আমরা চাই।” তদন্তের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘দেশকে আমেরিকার দাসত্বের দিকে নিয়ে যাওয়া, টিকা না কেনায় শিশুদের মৃত্যুর মতো যে অভিযোগগুলো উঠেছে, আমরা মূলত এগুলোর তদন্ত চেয়েছি। তবে আমরা কমিশনের কোনো ‘কার্যপরিধি’ বা টার্মস অব রেফারেন্স (টিওআর) নির্দিষ্ট করে দিইনি। কমিশন কী কী বিষয়ে তদন্ত করবে, সেই টার্মস অব রেফারেন্স সরকারই নির্ধারণ করবে।”

আদালতের পর্যবেক্ষণের বিষয়ে তিনি বলেন, “কোর্ট আমাদের বলেছেন যে, আমাদের পিটিশনটি বেশ বিস্তারিত (এক্সজস্টিভ) এবং আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় (ভেরি ইম্পর্টেন্ট থিংস) সামনে এনেছি।” এই আইনজীবী আরও জানান, শুনানিকালে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন। তিনি এ বিষয়ে সরকারের নির্দেশনা (ইনস্ট্রাকশন) জেনে এসে আদালতকে জানাবেন বলে সময় চেয়েছেন। অ্যাটর্নি জেনারেলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে রিটকারী বলেন, ‘অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন তিনি সরকারের কাছ থেকে জেনে আসবেন। এটি খুব ভালো উদ্যোগ। আমরাও চাই তিনি নির্দেশনা নিয়ে আসুন। এরপর সরকার যদি মনে করে যে, তারা কোনো তদন্ত করবে না, তবে দেশের জনগণ সেটা দেখবে। এখানে আমাদের আর কিছু করার থাকবে না। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট