চাল আনলোডের সময় পাঁচটি ট্রাক আটক, নওহাটা খাদ্য গুদামে অনিয়মের অভিযোগ
স্টাফ রিপোর্টার
রাজশাহীর পবা উপজেলার নওহাটা খাদ্য গুদামে চাল প্রবেশ ও সরবরাহে অনিয়মের অভিযোগ উঠেছে। চাল আনলোডের সময় পাঁচটি ট্রাক আটক করে কাগজপত্র যাচাইয়ের ঘটনায় বিষয়টি সামনে আসে। এবিষয়ে গতকাল রোববার বিকেলে জেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ওএমএস ডিলার মো. মমিনুল ইসলাম মিলন।
অভিযোগ সূত্রে জানা যায়, গুদামের নিরাপত্তা প্রহরী মো. মাসুম দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে গুদামে ধান ও চাল সরবরাহের সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, তিনি নিজেই চাল সরবরাহের ব্যবসা পরিচালনা করছেন, যা বিধিবহির্ভূত। নওহাটা পুরাতন বাজারের ওএমএস ডিলার মো. মমিনুল ইসলাম মিলন জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ৩০ কেজি ওজনের ৬৬৭ বস্তা করে মোট পাঁচটি ট্রাকে চাল গুদামে আনলোড করা হচ্ছিল। এ সময় তিনি ও স্থানীয় কয়েকজন ট্রাকগুলো আটক করে কাগজপত্র দেখতে চান। পরে ট্রাক চালানে ‘মাসুম ট্রেডার্স’, খাজানগর, কুষ্টিয়ার নাম উল্লেখ পাওয়া যায় এবং প্রতিটি ট্রাকে একই পরিমাণ চালের হিসাব ছিল। চালানপত্রে গুদামের নিরাপত্তা প্রহরী মাসুমের স্বাক্ষরও রয়েছে বলে তিনি দাবি করেন। অভিযোগে আরও বলা হয়, সরকারি খাদ্য গুদামে ধান ও চাল প্রবেশের ক্ষেত্রে স্থানীয় কৃষক ও মিলমালিকদের অগ্রাধিকার থাকার কথা। কিন্তু অন্য জেলা থেকে চাল এনে তা গুদামে প্রবেশ করানো হচ্ছে, যা নিয়মবহির্ভূত।
এ বিষয়ে রাজশাহীর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহন আহমেদ বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে তদন্তের জন্য খাদ্য গুদামে পাঠানো হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
