বাহিনীর কোনো সদস্য  মাদকে জড়িত থাকলে ছাড় নয়: আইজিপি

পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন মো. আলী হোসেন ফকির।

গতকাল মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ আয়োজিত এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, মাদক দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করছে। তবে বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ইতোমধ্যে মাদক সংশ্লিষ্টতায় জড়িত পুলিশের যেসব সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে। অনুষ্ঠানে আইজিপি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশ পুলিশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দীর্ঘ ১৭ বছরে পুলিশকে ‘পেটোয়া বাহিনী’ হিসেবে ব্যবহারের কারণে জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেখান থেকে পুলিশ ধীরে ধীরে নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে এবং বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসছে। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা পুলিশ সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, পুরস্কার পাওয়া শুধু স্বীকৃতি নয়, এটি দায়িত্ববোধ, পেশাগত উৎকর্ষ ও নেতৃত্বের প্রতীক। আজ যারা সম্মাননা পেয়েছেন, তারা আগামী দিনে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে আইজিপি দেশের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট