ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৭৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের খরচ আকাশচুম্বী আকার ধারণ করেছে। ‘ইরান ওয়ার কস্ট ট্র্যাকার’ পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, অভিযানের ৭১তম দিন নাগাদ মার্কিন সামরিক ব্যয়ের পরিমাণ ৭৭ বিলিয়ন (৭ হাজার ৭০০ কোটি) মার্কিন ডলার অতিক্রম করেছে। রিয়েল-টাইম তথ্য সরবরাহকারী এই পোর্টালটি মূলত অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন সেনা সদস্য, যুদ্ধজাহাজ এবং অন্যান্য আনুষঙ্গিক সামরিক ব্যয় হিসাব করে এই প্রতিবেদন প্রকাশ করেছে। গণনার ভিত্তি হিসেবে পেন্টাগনের কংগ্রেসে দেওয়া একটি প্রতিবেদনকে ব্যবহার করা হয়েছে, যেখানে উল্লেখ ছিল—অভিযানের প্রথম ছয় দিনেই খরচ হয়েছিল ১১.৩ বিলিয়ন ডলার এবং পরবর্তী প্রতিদিনের গড় খরচ প্রায় ১ বিলিয়ন ডলার। এর আগে এপ্রিলের শেষদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জুলস হার্স্ট হাউজ আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে জানিয়েছিলেন, এই সংঘাতের খরচ প্রায় ২৫ বিলিয়ন ডলার। তবে পরদিনই মার্কিন সংবাদমাধ্যমগুলো গোপন সূত্রের বরাত দিয়ে জানায়, এই হিসাবে মার্কিন সামরিক স্থাপনা মেরামত এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জাম প্রতিস্থাপনের খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। প্রকৃত খরচ ছিল প্রায় দ্বিগুণ।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করে, যাতে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হন। গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও পরবর্তীতে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়। তবে এরপর থেকে নতুন করে বড় ধরনের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।  সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট