চেইন অব কমান্ড ভাঙলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের পেশাদারিত্ব ও বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় চেইন অব কমান্ড বা আদেশের শৃঙ্খলা যারা ভাঙবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাহিনীর শৃঙ্খলা রক্ষায় সরকার কোনো ধরনের আপস করবে না। গতকাল সোমবার (১১ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘পুলিশ সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে পুলিশ ক্লিয়ারেন্স প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার নির্দেশ দিয়ে বলেন, অতীতের মতো পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট পেতে সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। এ সময় আধুনিক অপরাধ দমনে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি জানান, পুলিশের জন্য একটি বিশেষায়িত ‘সাইবার ক্রাইম ইউনিট’ প্রতিষ্ঠার লক্ষ্যে আইন প্রণয়নের জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। সূত্র: ইনকিলাব
