প্রশাসনের হস্তক্ষেপ দাবি পুঠিয়ায় দুটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, দিশেহারা চাষী

পুঠিয়া প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামে রাতের অন্ধকারে বিষ ঢেলে দুই পুকুরের প্রায় ২০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (৭ মে) গভীর রাতে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নাটোরের কাফুরিয়া ইউনিয়ন এলাকার বাসিন্দা শাখাওয়াত দীর্ঘদিন ধরে ঝলমলিয়া গ্রামে টেন্ডার নিয়ে দুটি পুকুরে মাছ চাষ করে আসছিলেন। শুক্রবার সকালে পুকুরপাড়ে গিয়ে তিনি দেখেন পানির উপর ভেসে উঠেছে অসংখ্য মৃত মাছ। রাতের কোনও এক সময়ে দুষ্কৃতীরা পুকুরে বিষ প্রয়োগ করে।

চোখে-মুখে হতাশার ছাপ নিয়ে শাখাওয়াত বলেন, ঋণ করে মাছের ব্যবসা শুরু করেছিলাম। এক রাতেই সব শেষ হয়ে গেল। এই ক্ষতি পুষিয়ে ওঠার কোনও উপায় এখন আমার সামনে নেই। আমি সুষ্ঠু তদন্ত চাই, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। আবুল কালাম আজাদ বলেন, এটি শুধু একজন মাছ চাষির ক্ষতি নয়, গ্রামের অর্থনীতিরও বড় ধাক্কা। পুকুরই ছিল তাঁর আয়ের একমাত্র ভরসা। পরিকল্পিতভাবে এই ক্ষতি করা হয়েছে বলে মনে হচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা।

স্থানীয়দের একাংশের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় পুকুর নিয়ে বিরোধ ও চাঁদাবাজির ঘটনাও বেড়েছে। ফলে এই ঘটনার পিছনে পূর্বশত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। এক রাতের বিষে ভেসে উঠেছে শুধু মাছ নয়, ডুবে গিয়েছে এক প্রান্তিক উদ্যোক্তার বহু দিনের স্বপ্নও।

পুঠিয়া থানার এসআই সোহেল রানা জানান,  এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বিষয়টা তদন্ত চলছে। এ বিষয়ে পুঠিয়া থানা অফিসার (ইনচার্জ)  ফরিদুল ইসলাম  বলেন, বিষয়টা আমরা অবগত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট