ইউক্রেন যুদ্ধে ২৩০০ উত্তর কোরীয় সেনার প্রাণহানি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়তে গিয়ে অন্তত ২ হাজার ৩০০ উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পিয়ংইয়ংয়ে নির্মিত নতুন একটি সামরিক স্মৃতিস্তম্ভের স্যাটেলাইট ছবি ও সরকারি চিত্র বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। উত্তর কোরিয়া কিংবা রাশিয়া আনুষ্ঠানিকভাবে নিহত সেনাদের সংখ্যা প্রকাশ না করলেও রাজধানী পিয়ংইয়ংয়ের হোয়াসং এলাকায় নির্মিত বিশাল স্মৃতিস্তম্ভটি প্রথমবারের মতো প্রাণহানির একটি স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে ইউক্রেনের কুরস্ক অঞ্চলে অভিযানের সময় রাশিয়াকে সহায়তা করতে প্রায় ১১ হাজার সেনা পাঠিয়েছিল উত্তর কোরিয়া।
গত ২৬ এপ্রিল উদ্বোধন হওয়া ‘মেমোরিয়াল মিউজিয়াম অফ কমব্যাট ফিটস অ্যাট ওভারসিজ মিলিটারি অপারেশনস’ নামের এই কমপ্লেক্সটি প্রায় ৫২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত হয়েছে। সেখানে থাকা বিশাল দেয়ালজুড়ে খোদাই করা নামের হিসাব বিশ্লেষণ করে প্রায় ২ হাজার ৩০৪ জন সেনার তথ্য পাওয়া গেছে।
দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসও আগে জানিয়েছিল, যুদ্ধে উত্তর কোরিয়ার কয়েক হাজার সেনা হতাহত হয়েছেন। তাদের সর্বশেষ হিসাব অনুযায়ী, নিহত ও আহত মিলিয়ে প্রায় ৬ হাজার সেনা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।
বিশ্লেষকদের মতে, এই স্মৃতিস্তম্ভ শুধু নিহতদের স্মরণ করার জন্য নয়, বরং যুদ্ধের ক্ষয়ক্ষতিকে রাষ্ট্রীয় বীরত্ব হিসেবে তুলে ধরার একটি রাজনৈতিক বার্তাও বহন করছে। উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় এবং এর বিনিময়ে খাদ্য সহায়তা, অর্থ ও সামরিক প্রযুক্তি পাচ্ছে বলেও ধারণা করা হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, আধুনিক স্যাটেলাইট প্রযুক্তির কারণে উত্তর কোরিয়ার মতো গোপনীয় রাষ্ট্রের সামরিক ক্ষয়ক্ষতির তথ্যও এখন ধীরে ধীরে প্রকাশ্যে চলে আসছে। পিয়ংইয়ংয়ের এই স্মৃতিস্তম্ভ সেই বাস্তবতারই নতুন উদাহরণ। সূত্র : বিবিসি
